চীনের ফুজিয়ান প্রদেশের পাহাড়ি চা বাগানে এসব রোবটকে চা পাতা তোলা থেকে শুরু করে ভারী ওজন বহনের মতো বাস্তবধর্মী কাজের মুখোমুখি করা হয়েছে সম্প্রতি। ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’ প্রতিযোগিতার অংশ হিসেবে এ ব্যতিক্রমী পরীক্ষার আয়োজন করেছে চীন।

১০ মে ফুজিয়ানের ফুদিং এলাকায় এ প্রতিযোগিতার প্রথম ধাপ বা ‘এনার্জি ট্রান্সফার রিলে’ শুরু হয়। অঞ্চলটি চীনের বিখ্যাত হোয়াইট টি বা সাদা চা উৎপাদনের জন্য পরিচিত। কোনো নিয়ন্ত্রিত ল্যাবরেটরির বদলে রোবট বাহিনীকে সরাসরি চা বাগান এবং প্রক্রিয়াকরণ কারখানায় মোতায়েন করা হয়। সেখানে স্থানীয় চা বিশেষজ্ঞদের সঙ্গে রোবটগুলো চা উৎপাদনের বিভিন্ন ধাপে কাজ করে।

তবে পাহাড়ি খাড়া ঢাল ও অসমান রাস্তায় ভারসাম্য বজায় রেখে রোবটের জন্য চলাফেরা করা ছিল বড় চ্যালেঞ্জ। এছাড়া চায়ের পাতার আকৃতি ও পরিপক্বতা চেনা ও নিখুঁতভাবে পাতা ছেঁড়ার জন্য রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও যান্ত্রিক হাতের দক্ষতার কঠিন পরীক্ষা নেয়া হয়। চা পাতা তোলার পর সেগুলো রোদে শুকানো, রোস্টিং করা এবং চায়ের কেক তৈরি করার মতো কাজেও অংশ নেয় এসব রোবট।

রোবট গেমসের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২৫ সালে। ওই বছর বিশ্বের ১৬টি দেশের ২৮০টি দল এবং ৫০০টির বেশি হিউম্যানয়েড রোবট অংশ নেয়। রোবটকে কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ না রেখে বাস্তব কাজের উপযোগী করতে চীনের উদ্যোগ বাড়ছে। আয়োজকরা জানান, এবারের দ্বিতীয় আসরে মোট ৩২টি ইভেন্ট রয়েছে। এগুলোকে প্রতিযোগিতামূলক ও দৃশ্যপটভিত্তিক— দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতামূলক বিভাগে অ্যাথলেটিকস, ফুটবল, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, মার্শাল আর্ট, নাচ, দড়ি টানাটানি ও চীনের ঐতিহ্যবাহী খেলা ‘পিচ-পট’সহ মোট ২৬টি ইভেন্ট রয়েছে। আয়োজনটি আগামী ২২-২৬ আগস্ট পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

—খবর ও ছবি সিজিটিএন