পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, জেনেভায় আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠকটি বাতিল করা হয়েছে। যুদ্ধরত দুদেশের মধ্যে এরই মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জেনেভা সফর স্থগিত করছেন। তিনি বলেন, পরবর্তী ধাপটি পৃথক পর্যায়ের আলোচনার মাধ্যমে এগিয়ে নেয়া হবে।

বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে প্রথম প্রশ্ন ওঠে আজ ভোরে, যখন শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া তার পোস্টটি সম্পাদনা করেন। তিনি সেই পোস্ট একটি অংশ সরিয়ে দেন, যেখানে বলা হয়েছিল, সহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সহায়তায় পাকিস্তান ১৯ জুন সুইজারল্যান্ডে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান ও বৈঠক আয়োজন করবে।

আজ সকালে পাকিস্তানের বিভিন্ন সূত্র বিবিসিকে আশ্বস্ত করেছিল, বৈঠকটি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সমঝোতা স্মারকের মধ্যস্থতাকারী হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও স্বাক্ষর করেছিলেন।