বাশার আল-আসাদের সরকারের অবসান সিরিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে ঘোষণা দিয়েছে সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠী এইচটিএস। আজ স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিদ্রোহীরা বলেছে, বাথ পার্টির শাসনের অধীনে ৫০ বছরের দমন-পীড়ন এবং ১৩ বছরের অপরাধ, স্বৈরশাসন ও বাস্তুচ্যুতি শেষে দীর্ঘ সংগ্রামের পর সব ধরনের দখলদার বাহিনীর মোকাবিলা করে, আমরা আজ, ৮ ডিসেম্বর, ২০২৪, সেই অন্ধকার যুগের সমাপ্তি ঘোষণা করছি এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা করছি। খবর বিবিসি।
সশস্ত্র বিরোধী গোষ্ঠী জানিয়েছে, ‘নতুন সিরিয়া’ হবে শান্তিপূর্ণ সহাবস্থানের স্থান, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং সব সিরীয়দের সম্মান বজায় রাখা হবে। বিদ্রোহীরা বিবৃতিতে আরো বলে, আমরা অন্ধকার অতীতের পাতা বন্ধ করে ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছি।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জুলানিসহ বিরোধী নেতারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে জোর দিয়ে বলেছেন যে, তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চান যা সব সিরীয়দের জন্য হবে। এর মাধ্যমে তারা সাম্প্রদায়িক উদ্বেগ এবং আল-কায়েদার সঙ্গে পূর্বের সম্পর্কের বিষয়ে সন্দেহ দূর করতে চেয়েছেন।

এইচটিএস প্রধান বলেন, দামেস্কে সকল বিরোধী বাহিনীকে সরকারি প্রতিষ্ঠান দখল থেকে বিরত রাখা হবে। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানগুলো তত্ত্বাবধান করবেন। আল-জুলানি বিবৃতিতে বলেন, উল্লাস প্রদর্শনের জন্য গুলি চালানোও নিষেধ।
বাশার আল-আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন যে, তিনি দামেস্কে থেকে যাবেন এবং রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর তদারকি করবেন। আল-জালালি বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে বলেন, আমি সবার প্রতি আহ্বান জানাই যুক্তিসঙ্গত চিন্তা করতে এবং দেশের কথা ভাবতে। আমরা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াই যারা তাদের হাত বাড়িয়েছে এবং আশ্বস্ত করেছে যে, তারা এই দেশের কারো ক্ষতি করবে না।
তিনি নাগরিকদের প্রতি সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানিয়েছেন।
সিরিয়ার বিরোধীরা জানিয়েছে যে, তাদের যোদ্ধারা দামেস্কের কাছে সেডনায়া কারাগারের সব বন্দিকে মুক্ত করেছে। যেখানে অধিকার সংস্থাগুলোর মতে সরকারি বাহিনী বন্দিদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল।
বিরোধী পক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সেডনায়া কারাগারে স্বৈরশাসনের যুগের সমাপ্তি ঘোষণা করছি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হাজার হাজার মানুষ গাড়িতে করে এবং পায়ে হেঁটে দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে সমবেত হয়ে ‘স্বাধীনতা’ বলে স্লোগান দিচ্ছে।
অনলাইনে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, অনেক মানুষ উমাইয়াদ স্কয়ারে পরিত্যক্ত একটি সামরিক ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে গান গেয়ে উল্লাস প্রকাশ করছে।










