সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকরা দেশের পশ্চিমে হামলা চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ সৈন্যকে হত্যা করেছে বলে জানিয়েছে নতুন বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন দেশটির সরকার। খবর বিবিসি।
প্রতিবেদন অনুসারে, রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সিদনায়া কারাগারে নিন্দিত ভূমিকার কারণে এক প্রাক্তন কর্মকর্তাকে গ্রেফতার করার চেষ্টা করেছিল নিরাপত্তা বাহিনী। এ কারণেই তাদের ওপর হামলা করা হয়।
সিরিয়ার সরকার বলেছে, এ হামলার পাশাপাশি গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভূমধ্যসাগরের তীরবর্তী তারতুস শহরের কাছে সংঘর্ষে আরো ১০ জন সৈন্য আহত হয়েছে। তারতুস আসাদের সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
স্থানীয় সময় গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান। তিনি হামলাকারীদের সাবেক আসাদ সরকারের অনুগত বলেও বর্ণনা করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কর্মীরা নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। তবে এর বেশি কিছু জানানো হয়নি।
ঠিক দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে, ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনীর হাতে আসাদ সরকারের পতিত হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সংঘর্ষে তিনজন ‘সশস্ত্র ব্যক্তি’ নিহত হয়েছেন, যাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
নিরাপত্তা বাহিনী পরে অতিরিক্ত সেনা মোতায়েন করে বলেও জানায় এসওএইচআর।










