আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।খবর গালফ নিউজ।
বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত ৩১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২২ হাজার ৭২ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৮৩৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬২৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬১৫ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৬৪০ জন গ্রেফতার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৬৪ শতাংশ, ইয়েমেনি ৩৫ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন। একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরো ৪৮ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৩৭ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে দেশটিতে ২৬ হাজার ৬৩০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ১৬ হাজার ১৬২ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরো ৩ হাজার ১৩৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেয়া হয়েছে। একই সময়ে গ্রেফতারদের মধ্যে ১১ হাজার ৫৮ জনকে এরই মধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।










