বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়েছেন। বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে শহরটি ছেড়ে গেছেন তিনি। খবর আল জাজিরা।
তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই আছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।
একইসঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রোববার (৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি তার লাইভ আপডেট অনুসারে, সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি বলেছেন— তিনি তার বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন না এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যেন কার্যকর থাকতে পারে বা কাজ চালিয়ে যেতে পারে সেটি তিনি নিশ্চিত করতে চান।
আল-জালালি সকলকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারো ক্ষতি করবে না
এ সময় জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি।










