ইসরায়েল গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় এবং এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত দেশটি লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আন্তর্জাতিক মহলের নিন্দা এড়াতে গাজায় দুর্ভিক্ষ এড়ানোর দিকেও মনোযোগী হচ্ছেন তিনি। খবর গার্ডিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই তীব্র হচ্ছে আর আমরা অগ্রগতি করছি। আমরা উপত্যকার সম্পূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নেব। আমরা হাল ছাড়ব না।’

নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় এল, যখন দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে। সেখানকার মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘সফল হতে হলে আমাদের এমনভাবে কাজ করতে হবে যা থামানো যাবে না।’ তবে পাশাপাশি তিনি স্বীকার করেন, গাজার জনসংখ্যাকে দুর্ভিক্ষে ডুবতে দেয়া ইসরায়েলের জন্য রাজনৈতিকভাবে ব্যয়বহুল হতে পারে।

নেতানিয়াহুর ভাষায়, ‘ব্যবহারিক এবং কূটনৈতিক উভয় কারণেই আমাদের এমন কিছু করা উচিত নয়, যাতে গাজাবাসী দুর্ভিক্ষে পড়ে। আমাদের বিজয় সম্পূর্ণ করার জন্য, হামাসকে পরাজিত করতে এবং জিম্মিদের মুক্ত করার জন্য আমরা দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছাতে পারি না।’

এই মন্তব্যগুলো এমন সময়ে এসেছে, যখন জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজা উপত্যকায় খাদ্য, পানি এবং ওষুধের মারাত্মক সংকট সম্পর্কে সতর্ক করে আসছে। নেতানিয়াহুর বক্তব্যে এটিও স্পষ্ট, ইসরায়েল হামাস দমন ও জিম্মিদের মুক্তির লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে যাবে, তবে একে এমন মাত্রায় নিতে চায় না যা আন্তর্জাতিক মহলে নিন্দা ডেকে আনে।