ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গত শুক্রবার (২৭ ডিসেম্বর) গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতালে অভিযান চালিয়ে ২৪০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে, যার মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা কর্মী এবং হাসপাতালের পরিচালকও রয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি সেনাবাহিনী। খবর রয়টার্স।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার সুস্থতা নিয়ে উদ্বেগ রয়েছে, কারণ শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী কর্তৃক মুক্তি পাওয়া কিছু কর্মী জানিয়েছেন, তাকে সেনারা মারধর করেছে।
অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হাসপাতালটি হামাসের সামরিক অভিযানের কাজে একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল এবং যাদের আটক করা হয়েছে তারা সবাই সন্দেহভাজন জঙ্গি। আর আবু সাফিয়াকে হামাসের সদস্য বলে সন্দেহ করায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার কামাল আদওয়ান হাসপাতালের সদরদপ্তরের পাশে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। হামলার শিকার ভবনটিতে হাসপাতালের চিকিৎসা কর্মীরা তাদের পরিবার নিয়ে থাকতেন।
গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই এখন বাস্তুচ্যুত। গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।










