ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরো অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বৃদ্ধ, শিশু ও নারীরাও রয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। খবর আনাদোলু এজেন্সি।
গণমাধ্যমটি বলছে, গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় তিনজন নিহত হন। উত্তর গাজার শেখ রিদওয়ান এলাকায় এক বৃদ্ধ এবং দুই নারী নিহত হন। পূর্ব গাজার আল-তুফাহ এলাকায় এক নারী নিহত হন। একই এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেয়া এক পরিবার — পিতা, মাতা ও চার শিশু — ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে হামলায় চারজন নিহত হয়। নিহতদের মধ্যে দুইজনই শিশু।
এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। হামলায় সেখানে আগুন ধরে যায়। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হওয়া ড্রোন হামলায় এক নারী ও তার শিশু নিহত হয়েছেন। খান ইউনিসের পূর্বাঞ্চল বানি সুহেইলায় আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। রাফাহ শহরে ত্রাণ নেয়ার জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।










