যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘোষণা করেছেন যে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করা হবে।

মাহমুদ নতুন সরকারি ক্ষমতা ব্যবহার করে এ গোষ্ঠীটির প্রতি সমর্থন নিষিদ্ধ করবেন। সংগঠনটির যুক্তরাজ্যে প্রাণনাশের হুমকি, হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

পার্লামেন্টে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি জানান, আইআরজিসির প্রতি সমর্থন এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে, যার জন্য সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের শাস্তি হতে পারে। এর মধ্যে সংগঠনটির পক্ষে ইতিবাচক মত প্রকাশ করা থেকে শুরু করে তাদের সহায়তা করাও অন্তর্ভুক্ত হবে।

আরো দুটি গোষ্ঠীকেও নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হচ্ছে। এগুলো হলো ইসলামিক মুভমেন্ট অব কম্প্যানিয়নস অব দ্য রাইট (আইএমসিআর) ও রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র স্বেচ্ছাসেবী বাহিনী।

এই গোষ্ঠীগুলোর গুপ্তচরবৃত্তি, বিদেশে হস্তক্ষেপ, নাশকতা এবং শারীরিক হামলা মোকাবিলার জন্য যুক্তরাজ্যের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন ক্ষমতা দেওয়া হবে।

ধারণা করা হয়, ইরানের আইআরজিসি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ইহুদি ও ইসরায়েলিদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে সাতটি হামলার নির্দেশ দিয়েছে। এর মধ্যে ২৩শে মার্চ গোল্ডার্স গ্রিনে চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে, যেটির দায় প্রকাশ্যে আইএমসিআর স্বীকার করেছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যেসব রাষ্ট্র আমাদের রাস্তায় ভয়, বিভাজন এবং সহিংসতা ছড়াতে চায়, তাদের জন্য আমরা কখনোই ব্রিটেনকে একটি খেলার মাঠ হতে দেব না।