গ্রিসের রাজধানী এথেন্সের উপকণ্ঠে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এসেছে। তবে দেশটির সরকার গতকাল জানিয়েছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত তীব্র বাতাস স্থায়ী হতে পারে। এ আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে স্থানীয়দের সরিয়ে নেয়া অব্যাহত রয়েছে। শুক্রবার তীব্র বাতাসের কারণে রাজধানী থেকে প্রাচীন অলিম্পিয়ার আশপাশের অঞ্চল পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়ে। এতে অন্তত একজন নিহত হন এবং বহু বাড়িঘর ও কৃষিজমি ধ্বংস হয়ে যায়। গ্রিসসহ ভূমধ্যসাগরের অন্য দেশগুলো দাবানলের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এসব অঞ্চলে গ্রীষ্মকালে প্রায়ই আগুন লাগে। তবে সাম্প্রতিক বছরগুলোয় এ দাবানল আরো বেশি বিধ্বংসী হয়ে উঠেছে। খবর : রয়টার্স