যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ইরানের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে অবরোধ তুলবেন না।

আজ বুধবার অ্যাক্সিওস-কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে তিনি আগে কিছু নিশ্চয়তা চান। তার দাবি, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।

বোমাবর্ষণের চেয়ে অবরোধ কিছুটা বেশি কার্যকর দাবি করেন তিনি বলেন, ইরান শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। পরিস্থিতি তাদের জন্য আরো খারাপ হবে।

তিনি বলেন, তারা (ইরান) সমঝোতা করতে চায়। তারা চায় না যে আমি অবরোধ বহাল রাখি। আমি (অবরোধ) তুলতে চাই না, কারণ আমি চাই না তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকুক।