বাশার আল-আসাদের স্ত্রী বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। সিরিয়ার ক্ষমতাচ্যুত এই সাবেক প্রেসিডেন্টের ব্রিটিশ স্ত্রী আসমা আল-আসাদ মস্কোর জীবনে অসন্তুষ্ট। তিনি লন্ডন যেতে চান বলে গত রোববার (২২ ডিসেম্বর) জানিয়েছে তুর্কি ও আরব গণমাধ্যম। খবর জেরুসালেম পোস্ট।

আসমা রাশিয়ার আদালতে আবেদন করে মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। তার আবেদন বর্তমানে রুশ কর্তৃপক্ষের দ্বারা মূল্যায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ-সিরিয়ান দ্বৈত নাগরিক আসমা লন্ডনে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। আসমা ২০০০ সালে সিরিয়ায় চলে যান এবং একই বছর ২৫ বছর বয়সে আসাদকে বিয়ে করেন।

বাশার আল-আসাদের আশ্রয়ের আবেদন গৃহীত হলেও তিনি এখনো কঠোর বিধিনিষেধের আওতায় রয়েছেন বলে জানা গেছে। তাকে মস্কো ছেড়ে যাওয়া বা কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করার অনুমতি দেয়া হয়নি।

রুশ কর্তৃপক্ষ তার সম্পদ আটকে দিয়েছে। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টের সম্পদের মধ্যে রয়েছে ২৭০ কেজি স্বর্ণ, ২ বিলিয়ন ডলার এবং মস্কোতে ১৮টি অ্যাপার্টমেন্ট।

তবে গতকাল সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তুর্কি মিডিয়ার এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।