সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন যে, তিনি কখনোই রাশিয়ায় পালাতে চাননি। দামাস্কাস পতনের আট দিন পর এটিকে তার প্রথম বিবৃতি বলে দাবি করা হচ্ছে। খবর বিবিসি।

আসাদের কথিত বিবৃতিটি গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সিরিয়ার প্রেসিডেন্সির টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়েছে। তবে বর্তমানে চ্যানেলটি কে নিয়ন্ত্রণ করছে অথবা আসাদ এটি লিখেছেন কিনা তা স্পষ্ট নয়।

বিবৃতিতে তিনি বলেছেন, বিদ্রোহীরা যখন সিরিয়ার রাজধানী দখল করে তখন তিনি যুদ্ধ পরিচালনার তদারকি করতে লাতাকিয়া প্রদেশে একটি রুশ সামরিক ঘাঁটিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখতে পান, সিরিয়ার সেনারা তাদের অবস্থান ছেড়ে দিয়েছে।

তিনি আরো বলেছেন, হমেইমিম বিমানঘাঁটিও তীব্র ড্রোন হামলার মুখে পড়েছিল এবং রুশ বাহিনী তাকে মস্কোয় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

আরবি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে সাবেক সিরিয়ার নেতা দাবি করেছেন, কীভাবে ৮ ডিসেম্বরের ঘটনাগুলো ঘটেছিল এবং কীভাবে তিনি রুশ ঘাঁটিতে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, ঘাঁটি থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর উপায় না থাকায় মস্কো রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঘাঁটির কমান্ডকে অবিলম্বে রাশিয়ায় সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এটি ঘটে সামরিক ঘাঁটির পতন, অবশিষ্ট সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অচলাবস্থা এবং দামেস্কের চূড়ান্ত পতনের পর।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ঘটনাগুলোর কোনো পর্যায়ে আমি পদত্যাগ বা আশ্রয় নেয়ার কথা বিবেচনা করিনি এবং এমন কোনো প্রস্তাবও কেউ দেয়নি। রাষ্ট্র যখন সন্ত্রাসীদের হাতে পড়ে যায় এবং অর্থবহ অবদান রাখার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন যেকোনো পদ অর্থহীন হয়ে পড়ে।