গাজায় দুই দিনের তীব্র বিমান হামলায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (৩ জানুয়ারি) অন্তত ৭৩ জন এবং বৃহস্পতিবার ৭৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা।
অবরুদ্ধ অঞ্চলের চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, শুক্রবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলের হামলায় সম্মিলিত মৃত্যুর সংখ্যা অন্তত ৭৩ জনে পৌঁছেছে।
গাজাজুড়ে রাতভর চলেছে ইসরায়েলের হামলা। এর মধ্যে খান ইউনিসের কাছে একটি বেসামরিক গাড়িতে হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং গাজা সিটির একটি বাড়িতে হামলায় একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়ার আটক হওয়া ইসরায়েলের ‘গণহত্যামূলক উদ্দেশ্য’ এবং গাজার স্বাস্থ্যখাতকে ধ্বংস করার বৃহত্তর প্রচেষ্টার ইঙ্গিত বহন করে।
ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার অবরুদ্ধ বেইত লাহিয়ার ইন্দোনেশিয়ান হাসপাতালকে তাৎক্ষণিকভাবে খালি করার আদেশ দিয়েছে এবং খবর পাওয়া গেছে যে, ইসরায়েলি বাহিনী ওই চিকিৎসা কেন্দ্রের কাছাকাছি তীব্র হামলা চালাচ্ছে।
এরই মধ্যে বিদায়ী বাইডেন প্রশাসন কংগ্রেসকে জানিয়েছে যে, ইসরায়েলের জন্য সহায়তামূলক ৮ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করা হয়েছে। সেখানে যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের জন্য গোলাবারুদ এবং কামানের শেল অন্তর্ভুক্ত থাকবে বলে সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে।
গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে ৪৫ হাজার ৬৫৮।










