ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানান, খান ইউনিসে হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় একটি বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশ ধসে পড়ে, যার ফলে চার সেনা নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল-কাসেম ব্রিগেড। এক বিবৃতিতে ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘খান ইউনিসে আজকের (শুক্রবার) ঘটনায় দখলদার বাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রমাণ করে তারা যেখানে থাকবে, সেখানেই প্রতিরোধের মুখোমুখি হতে হবে।’ বিবৃতিতে ইসরায়েলি জনগণকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করা হয় যে, তা না হলে তাদের আরো সন্তানের কফিন বহনের জন্য প্রস্তুত হতে হবে।

এদিকে গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় অঞ্চলজুড়ে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো যুদ্ধের ছায়ায় ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হচ্ছেন গাজাবাসী।

নিহত সেনাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘তারা আমাদের সবার নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’