ইরানে ইসরাইলের হামলা এবং তেল আবিবে তেহরানের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে বিমান চলাচল সাময়িক স্থগিত করে দিয়েছিল জর্ডান ও লেবানন। তবে এর একদিন পর আকাশসীমা পুনরায় চালু করেছে দেশ দুটি। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) তারা আকাশপথ পুনরায় খুলেছে।
এনএনএ গণপূর্ত ও পরিবহন মন্ত্রী ফায়েজ রাসমানির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি যাত্রীদের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন। রাসমানি বলেন, এ সিদ্ধান্ত এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যতিক্রমী পদক্ষেপগুলো সম্পূর্ণরূপে নিরাপত্তার প্রয়োজনীয়তার কারণে আরোপিত হয়েছিল।
লেবাননের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এনএনএ জানিয়েছে যে, আকাশপথটি আবার আগামীকাল রোববার রাত সাড়ে ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জর্ডানের বেসামরিক বিমান চলাচল কমিশন জানিয়েছে, শনিবার (১৪ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে দেশটির আকাশপথ পুনরায় খুলে দেয়া হয়েছে। ইসরাইল-ইরান উত্তেজনার জেরে কমিশন ফ্লাইট স্থগিত করার একদিন পর এ পদক্ষেপ নেয়া হলো।
এর আগে, জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেছিলেন, তার দেশ কাউকে আকাশপথ লঙ্ঘন করতে দেবে না। জর্ডানের আকাশ কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না।









