থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার অভিযোগে ক্ষমতাসীন ফেউ থাই পার্টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এ তদন্তের ফলে দলটি বিলুপ্তও হয়ে যেতে পারে। খবর রয়টার্স।
সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে দেশটির নির্বাচন কমিশন। এসব অভিযোগে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দলের কর্মকাণ্ডে প্রভাব ফেলতে দেয়া হয়েছিল।
১৫ বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত বছর থাইল্যান্ডে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন। প্রত্যাবর্তনটি উল্লেখযোগ্য ছিল, কারণ ওইদিন তার মিত্র স্রেথা থাভিসিন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। চলতি বছর আগস্টে সাংবিধানিক আদালত স্রেথাকে তার পদ থেকে অপসারণ করার পর থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হন। থাই আইন বলে যে রাজনৈতিক দলগুলো বহিরাগতদের দ্বারা প্রভাবিত হতে পারে না।
তদন্তে কোনো ভুল ধরা পড়লে মামলাটি পর্যালোচনার জন্য সাংবিধানিক আদালতে পাঠানো হবে।
এর আগে আগস্টে গত বছরের নির্বাচনে জয়ী প্রধান বিরোধী দল মুভ ফরওয়ার্ডকে বাতিল ঘোষণা করেন আদালত। এ ঘটনার দুই মাস না যেতেই ফিউ থাই পার্টির বিরুদ্ধে তদন্ত শুরু হলো।










