রিমোট ওয়ার্কিং এনভায়রনমেন্টের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্ট। ক্ষতির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে অ্যামাজন, পিন্টারেস্ট, ইন্টেলসহ বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট। খবর সিএনবিসি।
সম্প্রতি প্রকাশিত ফাইলিংয়ের তথ্যানুযায়ী, কভিড-১৯ মহামারীর কারণে কাজের পরিবেশে যে পরিবর্তন এসেছে, সেটি বড় প্রতিষ্ঠানগুলোর কর্মী আকর্ষণ সক্ষমতা কমিয়ে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রকাশিত তথ্যানুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখনো তাদের কর্মীদের অফিসে ফিরিয়ে আনা এবং এতে কী ধরনের প্রভাব পড়তে পারে সে বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের কিছু কর্মী অফিসে যোগদানের বিষয়টিকে প্রাধান্য দিলেও বাকিরা অফিসে যোগদানের পরিবর্তে রিমোট ওয়ার্কিং এনভায়রনমেন্টে থাকার বিষয়ে সমর্থন দিচ্ছে। ছোট প্রতিষ্ঠানগুলো কর্মীদের কাজের স্থান ও পরিবেশ নির্বাচনের সুযোগ দেয়ার মাধ্যমে দক্ষ ও মেধাবীদের নিয়োগে এগিয়ে যাচ্ছে।










