দুই বছরের বেশি সময় রিমোট ওয়ার্কে থাকার পর বে এরিয়াসহ বিভিন্ন অঞ্চলের কর্মীদের আগামী ৪ এপ্রিল অফিসে যোগদানের নির্দেশনা দিয়েছে গুগল। এক ই-মেইলে গুগলের গ্লোবাল বেনিফিটসের ভাইস প্রেসিডেন্ট জন কেসি এ ঘোষণা দেন। খবর সিএনবিসি।

বে এরিয়ায় কভিড-১৯ সংক্রমণের নিম্নহার, উন্নত চিকিৎসা ব্যবস্থা ও উচ্চ ভ্যাকসিন গ্রহণ হারের জন্য কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান কেসি। সিলিকন ভ্যালির পাশাপাশি গুগল জানুয়ারিতে কর্মীদের কর্মস্থলে যোগদানের পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় সে পরিকল্পনা বাতিল হয়ে যায়। সে সময় থেকে সার্চ ইঞ্জিন জায়ান্টটি কর্মীদের স্বেচ্ছায় মাউন্টেন ভিউ ও সানফ্রান্সিসকোর অফিসে ফেরার সুবিধা চালু করে। এক্ষেত্রে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ ও মাস্ক পরিধান বাধ্যতামূলক ছিল।

সব কর্মীকে অফিসে ফিরিয়ে আনতে গুগল ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। গত বছর প্রযুক্তি জায়ান্টটির সিইও সুন্দর পিচাই হাইব্রিড কর্মপরিকল্পনা চালু করেন। যেখানে কর্মীরা সপ্তাহের অর্ধেক রিমোটলি কাজ করার সুবিধা পাবেন। এপ্রিলে এটি কার্যকর হয়। সে সময় গুগলের অধিকাংশ কর্মী সপ্তাহে দুদিন বাসা থেকে কাজ শুরু করেন। সে সময় যে কেউ চাইলে অফিসে যোগদান করতে পারতেন।