বিশ্বব্যাপী নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছে ‘ডাউনভোট’ বাটনের পরীক্ষা চালাচ্ছে টুইটার। সম্প্রতি এক টুইটে মাইক্রোব্লগিং সাইটটি জানায়, গত জুলাইয়ে প্রাথমিকভাবে এ পরীক্ষা চালিয়ে ভালো ফল পেয়েছিল তারা। তবে আগের মতোই রিপ্লাই হিসেবে ডাউনভোটের সংখ্যা সবাই দেখবে না। শুধু ব্যবহারকারীই দেখতে পারবেন। খবর ওয়াশিংটন পোস্ট।
পরীক্ষার প্রথম রাউন্ডে টুইটার বিভিন্ন সংস্করণে ডাউনভোট অফার করে। কেউ আপভোট ও ডাউনভোট দুটো বাটনই দেখতে পেয়েছেন। কেউ হার্ট বা লাইক বাটনের পাশে শুধু ডাউনভোট দেখতে পেয়েছেন। আরেক দলকে থাম্বস আপ ও ডাউনভোট দেখার সুযোগ দেয়া হয়। তবে বিশ্বব্যাপী এই পরীক্ষায় এ বাটনগুলোই দেয়া হবে কিনা তা এখনো নিশ্চিত করেনি টুইটার।
টুইটার জানায়, বেশির ভাগ ব্যবহারকারীই ডাউন অ্যারো ক্লিক করেছেন। কেননা সংশ্লিষ্ট রিপ্লাইগুলো আক্রমণাত্মক ছিল অথবা প্রাসঙ্গিক ছিল না।
উল্লেখ্য, রেডিট এ ডাউনভোটিং পদ্ধতি ব্যবহার করছে ২০০৫ সাল থেকে। ২০১৮ সালে ফেসবুকও এ পরীক্ষা চালায়। তবে তা স্থায়ী হয়নি। আবার ইনস্টাগ্রাম লাইক লুকিয়ে ফেলার অপশনও চালু করেছিল ফেসবুক। টুইটারের এ ডাউনভোট ফিচার অনেকটা ফেসবুকের ডিসলাইক ফিচারের মতো। অবশ্য ফেসবুক এ ফিচার পরবর্তী সময়ে বাদ দিয়ে দেয়।










