সাইবার নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে অ্যান্টিভাইরাস সেবা চালু করেছে নর্ডভিপিএন। ব্যবহারকারীরা ভিপিএন অ্যাপ থেকেই অ্যান্টিভাইরাসটি ব্যবহারের সুযোগ পাবেন। খবর টেকরাডার।

প্রতিষ্ঠানটির নতুন অ্যান্টিভাইরাস সার্ভিসটি থ্রেট প্রটেকশন নামে পরিচিত। এটি ট্র্যাকার, ফিশিং অ্যাটাক, অনুপ্রবেশকারী বিজ্ঞাপন, ক্ষতিকর ওয়েবসাইট ও ফাইল ব্লক করার মাধ্যমে অধিক নিরাপত্তা দেয়। থ্রেট প্রটেকশনের অন্যতম উল্লেখযোগ্য দিক হচ্ছে নর্ডভিপিএনের সাবস্ক্রাইবাররা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই অ্যান্টিভাইরাসটি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি বিদ্যমান ব্যবহারকারীদের নর্ডভিপিএনের হালনাগাদকৃত অ্যাপ ডাউনলোড করতে হবে।

বর্তমানে শুধু ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য থ্রেট প্রটেকশন পরিষেবাটি চালু আছে। ধীরে ধীরে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে। নর্ড ভিপিএনের প্রডাক্ট স্ট্র্যাটেজিস্ট ভিকিন্তাস ম্যাকনিকাস জানান, আগে অ্যান্টিভাইরাসের যে কাজ ছিল, থ্রেট প্রটেকশন বর্তমানে সেটি সম্পাদন করছে এবং এটি নর্ডভিপিএনের সঙ্গে যুক্ত। ব্যবহারকারীরা যত সময় ইন্টারনেট ব্যবহার করুক না কেন, তারা যেকোনো মুহূর্তে সাইবার হামলার মুখে পড়তে পারে। এ ধরনের হামলা প্রতিহতে থ্রেট প্রটেকশন চালু করা হয়েছে। নর্ডভিপিএনের থ্রেট প্রটেকশন তিন ধরনের নিরাপত্তা দেবে।