চলতি সপ্তাহে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। হামলার ফলে প্রতিষ্ঠানটি তাদের কিছু ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খবর টেকরাডার।
দ্য টেলিগ্রাফ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সাইবার হামলার ফলে দুদিনেরও বেশি সময় ধরে এনভিডিয়ার কিছু ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রয়েছে। ইউক্রেনে সাম্প্রতিক সময়ে রাশিয়ার আগ্রাসন এবং এরপর ইউক্রেনের সাইবার যুদ্ধের সঙ্গে এ হামলার যোগসূত্র রয়েছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
টেকরাডারকে দেয়া এক সাক্ষাত্কারে এনভিডিয়ার এক মুখপাত্র বলেন, আমরা সাইবার হামলার বিষয়টি তদন্ত করছি। আমাদের ব্যবসা ও ব্যবসায়িক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান। আমরা এখনো হামলার কারণসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা চালাচ্ছি। এ মুহূর্তে আর কোনো তথ্য দেয়া সম্ভব হচ্ছে না।
টেলিগ্রাফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে পরিচালিত এ সাইবার হামলায় ই-মেইল সিস্টেম ও ডেভেলপার টুল দুদিন ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। কে বা কারা এ হামলার সঙ্গে সম্পৃক্ত, সে বিষয়ে এবং এটি আদৌ সাইবার হামলা ছিল কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। এনভিডিয়ার নেটওয়ার্ক সিস্টেমে যে সাইবার হামলা পরিচালনা করা হয়েছে, সেটির সঙ্গে রাশিয়ান হ্যাকার বা নিরাপত্তা সংস্থার সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।










