বিশ্বের নেতৃস্থানীয় মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই সক্রিয়ভাবে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এজন্য পডকাস্টের ওপর মনোযোগ বাড়ানোর পরিকল্পনা করছে সুইডেনভিত্তিক প্রতিষ্ঠানটি। পডকাস্ট বাড়াতে চার্টেবল ও পডসাইট প্রতিষ্ঠান দুটি কিনে নেয়ার ঘোষণা দিয়েছে স্পটিফাই। খবর গিজমোচায়না।

প্রাপ্ত তথ্যানুযায়ী, পডসাইটের ৪০ জন পূর্ণকালীন কর্মীর একটি দল স্পটিফাইয়ে যোগদান করবে। এদিকে স্পটিফাইয়ের মেগাফোনের অন্তর্ভুক্ত হবে চার্টেবল।

উভয় প্রতিষ্ঠানই পডকাস্ট মার্কেটিং ও বিজ্ঞাপনী ক্ষেত্রে কাজ করে। কোন শ্রোতারা ট্র্যাকগুলো শুনছেন, কারা বিজ্ঞাপন শুনছেন অথবা বিজ্ঞাপন চলাকালীন কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা তারই হিসাব রাখে প্রতিষ্ঠান দুটি।

পডসাইট কেনার বিষয়ে স্পটিফাই জানিয়েছে, পডকাস্টিংয়ের বাইরেও এ প্রযুক্তি ব্যবহার করবে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মটি। এর মাধ্যমে মিউজিকের মধ্যেই অডিও বিজ্ঞাপন শুনতে পারবেন শ্রোতারা।

এদিকে চার্টেবল দিয়ে বিজ্ঞাপনের বদলে পডকাস্টারদের ওপর মনোযোগ বাড়ানোর পরিকল্পনা স্পটিফাইয়ের। পডকাস্টারদের ব্যবসা সুরক্ষা ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করবে স্পটিফাইয়ের মেগাফোনসহ স্মার্টলিংকস ও স্মার্টপ্রোমোস।

সম্প্রতি কভিড-বিষয়ক ভুল তথ্য দেয়ার কারণে সমালোচনার শিকার হয়েছেন মার্কিন পডকাস্টার জো রোগ্যান। এর প্রতিবাদস্বরূপ এরই মধ্যে কয়েকজন শিল্পী বিদায় জানিয়েছেন স্ট্রিমিং প্লাটফর্মটিকে। এমন সময়ই পডকাস্টারদের উন্নত পরিষেবা দিতে চার্টেবল ও পডসাইট প্রতিষ্ঠান কিনে নেয়ার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।