ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে রাশিয়ায় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে লুমেন টেকনোলজিস। গত সপ্তাহে কোজেন্ট কমিউনিকেশনসের সেবা প্রত্যাহারের পর এবার পিছু হটার ঘোষণা দিল লুমেন। খবর রয়টার্স।

ইন্টারনেট নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানিটি এক বিবৃতিতে উল্লেখ করে, রাশিয়ায় সীমিত পরিসরে ব্যবসায় সেবা দিয়ে আসছিলাম আমরা। দেশটির অভ্যন্তরে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক কোম্পানিটি আরো উল্লেখ করে, আমরা এখনো নেটওয়ার্ক বিভ্রাটের মুখোমুখি হইনি। কিন্তু অনিশ্চিত পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ঝুঁকি আমলে নিয়ে আমরা আমাদের এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছি। তাছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট মাধ্যমগুলো যেভাবে ক্রেমলিনের আগ্রাসী নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি।