সি ব্যান্ড ফাইভজি পরিষেবা বিস্তারের জন্য আরো টাওয়ার স্থাপনের অনুমোদন পেয়েছে ভেরাইজন ও এটিঅ্যান্ডটি নেটওয়ার্ক অপারেটর। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ ঘোষণা দেয়। খবর রয়টার্স।
প্রধান বিমানবন্দরগুলোর আশপাশে ফাইভজি টাওয়ার স্থাপন করলে প্রযুক্তিগত ত্রুটির আশঙ্কা ছিল। বিমানবন্দরগুলোয় উড়োজাহাজ নির্বিঘ্নে চলাচলের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয়েছে এফএএ ও নেটওয়ার্ক অপারেটরগুলো। পাশাপাশি ফাইভজি পরিষেবা বিস্তারে আরো টাওয়ার স্থাপন করতেও আগ্রহী সংস্থাগুলো। এফএএ জানায়, তারবিহীন ট্রান্সমিটারগুলোর অবস্থানগত তথ্যের কারণে ফাইভজি সিগন্যালগুলোর বিস্তৃতি সম্পর্কে জানা সম্ভব।
এফএএর এ পদক্ষেপকে ইতিবাচক উন্নয়ন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস যোগাযোগ শিল্পের প্রতিনিধিত্বকারী সংস্থা সিটিআইএ। সংস্থাটি জানায়, ওয়্যারলেস শিল্প, উড়োজাহাজ শিল্প ও এফএএ সম্মিলিতভাবে একই সঙ্গে ফাইভজি পরিষেবার উন্নয়ন ও নিরাপদ ফ্লাইট নিশ্চিতের জন্য কাজ করছে। উড়োজাহাজ শিল্প সংস্থা জানিয়েছে, পরবর্তী সময়ে নির্দিষ্ট এলাকা সংশোধন করে নিশ্চিত করলে বিমানবন্দরের কাছেই অতিরিক্ত টাওয়ার স্থাপন করতে পারবে ভেরাইজন ও এটিঅ্যান্ডটি।
১৮ জানুয়ারি বিমানবন্দরের কাছে অবস্থিত এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের ৫১০টি টাওয়ার চালুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এফএএ। এফএএর পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজের রেডিও অলটিমিটারের সঙ্গে টাওয়ারের সিগন্যালের প্রযুক্তিগত ত্রুটি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে উড়োজাহাজ চলাচল ব্যাহত হতে পারে।










