ইউরোপীয় ইউনিয়নজুড়ে (ইইউ) বিতর্কিত পেগাসাস স্পাইওয়্যার টুল নিষিদ্ধ করার দাবি করেছে ইউরোপীয় ডাটা প্রটেকশন সুপারভাইজার (ইডিপিএস)। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ সফটওয়্যার ব্যবহার ব্যক্তিগত নিরাপত্তায় অনুপ্রবেশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য স্তর হিসেবে কাজ করবে। খবর ইনগ্যাজেট।
কুখ্যাত এ স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলের এনএসও গ্রুপ। যদিও গ্রুপটির দাবি অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় শুধু বিভিন্ন দেশের সরকারের কাছে সফটওয়্যারটি বিক্রি করে তারা। এরই মধ্যে বিভিন্ন তথ্যে প্রমাণিত হয়েছে যে সফটওয়্যারটি কেবল সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে নয়, বরং সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদদের ওপর নজরদারির জন্য ব্যবহার করা হয়। ফ্রান্স, স্পেন, হাঙ্গেরিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে এ সফটওয়্যার ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি কার্যক্রম পরিচালনা করছে।
গত মাসে গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাব এক অনুসন্ধানে আবিষ্কার করে পোলিশ সরকারের তিন সমালোচকের ওপর নজরদারির জন্য পেগাসাস সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, যা দেশটির ২০১৯ সালের সংসদীয় নির্বাচনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।
অন্যদিকে সন্ত্রাসবাদের মতো গুরুতর হুমকি মোকাবেলায় ব্যতিক্রমী পরিস্থিতিতে স্পাইওয়্যারের মোতায়েনকে অস্বীকার করে না বলেও জানিয়েছে ইডিপিএস।










