আর্থিক লেনদেনে খরচ ও হয়রানি রোধে জানুয়ারিতে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম (আইডিটিপি) চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, দেশের জনগণকে ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে অনলাইনে নিয়ে আসাই এর লক্ষ্য।

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং ফর আনন্দমেলা প্লাটফর্ম ইউজার্স ইন বাংলাদেশ কিকঅফ ওয়ার্কশপের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ওয়েবসাইট ডেভেলপ ও মার্কেটিংয়ের লক্ষ্যে দেশের দুই হাজার ছোট নারী উদ্যোক্তাকে অফেরতযোগ্য ৫০ হাজার টাকা করে দেয়া হবে। অনুষ্ঠানে বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সংসদ সদস্য সেলিমা আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ।

পলক বলেন, অনলাইন ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, এটিএম কার্ড ব্যবহার দেশে ই-কমার্সের ব্যাপক প্রসার ঘটাচ্ছে। ২০২০ সালের মার্চ পর্যন্ত ই-কমার্সের আকার ছিল ৮ হাজার ৫০০ কোটি টাকা, যা করোনা মহামারীতে দ্বিগুণ হয়েছে। ২০২৩ সাল নাগাদ দেশীয় ই-কমার্সের বাজার ২৫ হাজার কোটিতে পৌঁছতে পারে।

তিনি আরো বলেন, স্টার্টআপ সংস্কৃতির বিকাশে সরকারের নানা উদ্যোগের ফলে বর্তমানে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। আইসিটি বিভাগের উদ্যোগে আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপগুলোকে অনুদান দেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে দেশে ডিজিটাল অর্থনীতি গড়ে উঠছে। ২০১৮ সালেই আইসিটি খাতে রফতানি ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। অনলাইন শ্রমশক্তিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার আউটসোর্সিং খাত থেকে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার আয় করছেন।

তিনি বলেন, ৩৯টি হাই-টেক/আইটি পার্কের মধ্যে এরইমধ্যে নির্মিত আটটিতে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে পাঁচটিতে ১২০টি প্রতিষ্ঠান ৩২৭ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং ১৩ হাজারের অধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। হাই-টেক পার্কগুলোর নির্মাণকাজ সম্পন্ন হলে তিন লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে। ২০২৫ সালের মধ্যে পার্কগুলোতে ২ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিনি। পরে প্রতিমন্ত্রী কিকঅফ ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।