কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব দেখা দিলে সশরীরে অফিসে যাওয়া বন্ধ ছিল। এ সময় ‘ওয়ার্ক ফ্রম হোম’
নীতির প্রচলন হয়। তবে সম্প্রতি কর্মীদের অফিসে ফেরানোর তাগিদ অনুভব করছে তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রতিষ্ঠানগুলো। খবর গ্যাজেটস নাউ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, শিগগিরই সশরীরে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে উইপ্রো, ইনফোসিসসহ বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। আগামী ৩ মার্চ থেকে ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠান উইপ্রোর ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে ফিরছেন। তবে মহামারীজনিত বিধিনিষেধের কারণে সপ্তাহে দুদিন অফিস করবেন তারা।
মার্কিন প্রতিষ্ঠান কগনিজ্যান্ট টেকনোলজি সলিউশনস এপ্রিলের মধ্যে অফিস খোলার পরিকল্পনা করছে। এদিকে ভারতের আরেক তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস আগামী তিন-চার মাসের মধ্যে কর্মীদের অফিসে ফেরানোর তাড়া অনুভব করছে। বছরজুড়ে হাইব্রিড কাজের মডেলে কার্যক্রম চালাবে ইনফোসিস।
ওমিক্রনের সংক্রমণ প্রবাহ কমে যাওয়ায় দীর্ঘমেয়াদে হাইব্রিড মডেলে কাজ করায় একমত হয়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রতিষ্ঠান। হাইব্রিড মডেল বলতে মূলত সপ্তাহের কয়েক দিন অফিসে থেকে বাকি দিন ঘরে বসে অফিস করাকে বোঝায়। উইপ্রোর এক মুখপাত্র জানান, গত বছর মধ্য জানুয়ারিতে কভিডে আক্রান্তের সংখ্যা বাড়ায় প্রতিষ্ঠানটির অফিস বন্ধ হয়ে যায়। তবে কর্মীদের অফিসে ফেরানোর তাড়নায় হাইব্রিড মডেলের শরণাপন্ন হবে প্রতিষ্ঠানটি। টিকাপ্রাপ্ত ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মীরা আগামী মাসের ৩ তারিখ থেকে সোমবার ও বৃহস্পতিবার সশরীরে অফিসে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।










