ভারতে চতুর্থ ডাটা সেন্টার স্থাপন করেছে মাইক্রোসফট। প্রযুক্তি খাতে দ্রুত বর্ধনশীল বাজারে ব্যয় বাড়ায় ব্যবসা বিস্তারের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
মাইক্রোসফট ইন্ডিয়ার প্রধান অনন্ত মাহেশ্বরী বলেন, প্রতিষ্ঠানটি ভারতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছে। ডাটা সেন্টার স্থাপনে মোট ব্যয়সংক্রান্ত কোনো তথ্য তিনি জানাননি। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, এটি তৈরিতে ২০০ কোটি ডলার ব্যয় হয়েছে।
রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে মাহেশ্বরী বলেন, পাবলিক ক্লাউড ডাটা সেন্টার তৈরি এককালীন বিনিয়োগ নয়। এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমাদের এটি আছে। গত দুই বছরে আমরা বিদ্যমান তিনটি ডাটা সেন্টারের সক্ষমতা বাড়িয়েছি। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির তথ্যানুযায়ী, ২০২৫ সাল নাগাদ ভারতের পাবলিক ক্লাউড সার্ভিস বাজার ১ হাজার ৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।
ভারত সরকার স্থানীয়ভাবে আরো অধিক তথ্য সংরক্ষণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ প্রয়োগ করছে। প্রযুক্তি জায়ান্টগুলোর কার্যক্রমে নজরদারি আরোপে নয়াদিল্লির উদ্যোগের অংশ এটি। মাহেশ্বরী জানান, কভিড-১৯ মহামারী ও পরবর্তী সময়ে মাইক্রোসফট ভারতে ১৮ হাজার প্রতিষ্ঠান থেকে আরো বাড়াচ্ছে। এরই মধ্যে আমরা ভারতের ৩ লাখ ৪০ হাজার প্রতিষ্ঠানকে পরিষেবা দিতে সক্ষম হয়েছি। নতুন ডাটা সেন্টারটি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় অবস্থিত।
মাইক্রোসফটের পাশাপাশি অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানও ভারতে তাদের ব্যবসায়িক পরিধি বাড়াতে কাজ করছে। অন্যতম প্রতিযোগী অ্যামাজন ২০২০ সালের শেষ নাগাদ দ্বিতীয় ডাটা সেন্টার নির্মাণে ২৮০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছে।










