সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়েন্ট কেনার পরিকল্পনা করছে মাইক্রোসফট করপোরেশন। সম্প্রতি ব্লুমবার্গে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সাইবার নিরাপত্তা জোরদার করতে ম্যান্ডিয়েন্ট কেনার বিষয়ে একটি চুক্তির পরিকল্পনা করছে সফটওয়্যার জায়ান্টটি। খবর রয়টার্স।

পরীক্ষামূলক সাইবার নিরাপত্তা ও সাইবার ঘটনার বিরুদ্ধে কাজ করে ম্যান্ডিয়েন্ট। সম্প্রতি ম্যান্ডিয়েন্টের শেয়ারদর ১৮ শতাংশ বাড়ে। এদিকে মাইক্রোসফটের শেয়ারদর বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। ২০১৩ সালে ফায়ার আই ইনকরপোরেশন ম্যান্ডিয়েন্টকে কিনে নেয়। বিদায়ী বছর সিম্ফোনি টেকনোলজি গ্রুপকে ফায়ার আইয়ের অধীন সব ব্যবসা ও সত্তা ১২০ কোটি ডলারে বিক্রি করে দেয়। এর পর থেকে ম্যান্ডিয়েন্ট স্থায়ী সত্তা হিসেবে ব্যবসা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬০ কোটি ডলার।

ক্লায়েন্টদের সাইবার হুমকি থেকে নিরাপত্তা দিতে ম্যান্ডিয়েন্টের সঙ্গে মাইক্রোসফটের চুক্তিটি কার্যকর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত বছর দুটি ছোট সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কিনে নেয় সফটওয়্যার জায়ান্টটি। মাইক্রোসফট জানায়, আগামী পাঁচ বছরে সাইবার নিরাপত্তায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। তবে এ বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করতে অসম্মতি জানিয়েছে সফটওয়্যার জায়ান্টটি।