বিশ্বের সব দেশ মিলিয়ে যতগুলো হামলা হয়েছে, চীন থেকেই তার চেয়ে বেশি সাইবার হামলা হয়েছে—বলেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসের (এফবিআই) পরিচালক। সম্প্রতি এফবিআই পরিচালক ক্রিস্টোফার রেই বলেন, আমাদের তথ্য ও প্রযুক্তি চুরিতে চীন থেকে চালানো দুই হাজারেরও বেশি সাইবার হামলার তদন্ত করছে এফবিআই। খবর টেক রাডার।

এফবিআই পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি থেকে বড় অংকের তথ্য চুরি করেছে চীন। এমন হয়েছে যে এফবিআইকে প্রতিদিন দুটি নতুন তদন্ত চালু করতে হচ্ছে। বৃহদাকার সাইবার হামলা পরিচালনার বড় অংকের তহবিল ও অত্যাধুনিক টুলস রয়েছে চীনের হাতে। সম্প্রতি মাইক্রোসফট এক্সচেঞ্জে একটি সাইবার হামলার মাধ্যমেই ১০ হাজারেরও বেশি মার্কিন কোম্পানির নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত করেছে।

ওয়াশিংটনের সঙ্গে করা বেইজিংয়ের চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন এফবিআই প্রধান। তিনি বলেন, ২০১৫ সালে চীন সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল তারা মার্কিন প্রযুক্তি চুরিতে মদদ দেবে না। কিন্তু প্রযুক্তি চুরি অব্যাহত রেখেছে তারা।

২০১৫ সালে চীন-যুক্তরাষ্ট্রের ‘নো হ্যাক’ চুক্তি স্বাক্ষরিত হলেও ভার্চুয়াল মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে বিপর্যয় সৃষ্টি করেছে চীন। 

হুয়াওয়ের মতো প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে যে রকম কড়া পদক্ষেপ নেয়া হয়েছে, ভবিষ্যতেও এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানান রেই। চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে লড়াই যে সহসা কমছে না, এফবিআই প্রধানের বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠেছে।