বিশ্বজুড়ে বার্তা আদান-প্রদানের সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম এখন ই-মেইল। যাপিত জীবনের অনেক পরিষেবা গ্রহণ করতেও একটি ই-মেইল অ্যাড্রেস দরকার। আর ই-মেইল পরিষেবাগুলোর মধ্যে জিমেইলের অবস্থান বরাবরই তুঙ্গে। স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সব ফিচার উপভোগ করতেও দরকার হয় একটি জিমেইল অ্যাকাউন্ট। বর্তমান প্রযুক্তিভিত্তিক প্রজন্ম যেন অনেকটাই জিমেইলের ওপর নির্ভরশীল। এবার এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করল গুগলের এ পরিষেবা। গুগল প্লে স্টোর থেকে এক হাজার কোটিবার ইনস্টল করা হয়েছে জিমেইল অ্যাপ। খবর টেক রাডার।

প্রায় সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই প্রি-ইনস্টলড অবস্থায়ই থাকে গুগলের এ ই-মেইল অ্যাপটি। ফলে পৃথিবীব্যাপী কোটি কোটি মানুষ তাদের কর্ম ও ব্যক্তিগত জীবনে অ্যাপটি ব্যবহার করছে। গুগলও ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপটিতে সংযোজন করেছে নতুন নতুন ফিচার। জিমেইল অ্যাপে গুগলের নবতম সংযোজন ‘নিউ সার্চ ফিল্টারস’, যার মাধ্যমে ব্যবহারকারীরা ডেস্কটপ ভার্সনের সব টুলই ব্যবহার করতে পারবে।

জিমেইলের পাশাপাশি ‘ইনবক্স বাই জিমেইল’ নামে আরেকটি ই-মেইল পরিষেবা চালু করেছিল গুগল। ২০১৫ সালে উন্মুক্ত হওয়া অ্যাপটি চার বছর পরই বন্ধ হয়ে যায়। তবে অ্যাপটির কিছু সুবিধা, যেমন সাময়িকভাবে কোনো ই-মেইল আসা বন্ধ করা, স্মার্ট রিপ্লাই, নাজেস ও হাই-প্রায়োরিটি নোটিফিকেশনস পরবর্তী সময়ে জিমেইলে যুক্ত করা হয়।

হাজার কোটির মাইলফলক ছোঁয়ার দৌড়ে এর পরই আছে মেটার ফেসবুক ও গুগল ড্রাইভের অবস্থান। দুটি অ্যাপই ৫০০ কোটিবারের ওপর ইনস্টল হয়েছে।