২০২২ সালের শেষ নাগাদ স্ট্যাডিয়াতে শতাধিক নতুন গেম সংযুক্ত করার বিষয়ে অঙ্গীকার করেছে গুগল। ৯টু৫গুগলের প্রতিবেদন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ডাইনেস্টি ওয়ারিওরস ৯ এম্পায়ারস বাজারে প্রকাশ করা হবে। পাশাপাশি স্ট্যাডিয়া গেমের লাইব্রেরির সংগ্রহ বাড়াতে চলতি মাসে আরো চারটি স্ট্যাডিয়া প্রো গেম যুক্ত করবে প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটস নাউ।
ফেব্রুয়ারিতে যেসব গেম যুক্ত করা হবে সেগুলো হলো লাইফ ইজ স্ট্রেঞ্জ রিমাস্টার্ড, লাইফ ইজ স্ট্রেঞ্জ: বিফর দ্য স্টর্ম রিমাস্টার্ড, কসমিক স্টার হিরোইন, মেরেকস মার্কেট, ন্যানোটেল-টাইপিং ক্রোনিকলস, ওয়ান হ্যান্ড ক্ল্যাপিং ও ফগস। বর্তমানে স্ট্যাডিয়া প্রোর সাবস্ক্রাইবারদের জন্য গেমগুলো উন্মুক্ত রয়েছে।
২০২১ সালে গুগল স্ট্যাডিয়াতে ১০০-এর বেশি গেম যুক্ত করেছিল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রতি বছর প্লাটফর্মে ১০০টি গেম যুক্ত করার প্রতিশ্রুতি রক্ষা করছে। চালু করার পর দুই বছর ধরে গুগল স্ট্যাডিয়াতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। এর অংশ হিসেবে সম্প্রতি হ্যালো ইঞ্জিনিয়ার গেমের জন্য ৩০ মিনিটের ট্রায়াল সময় যুক্ত করেছে। সেই সঙ্গে প্রযুক্তি জায়ান্টটি কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই স্ট্যাডিয়া প্লেয়ারদের মাল্টিপ্লেয়ার গেমে যুক্ত হওয়ার সুবিধা চালু করেছে।










