নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ম্যাপে লোকেশন বা অবস্থান জানানোর নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে স্ন্যাপচ্যাট। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা পরিবার-পরিজনদের সঙ্গে জরুরি মুহূর্তে তাদের অবস্থানসংক্রান্ত তথ্য জানাতে পারবেন। খবর এনগ্যাজেট।

স্ন্যাপচ্যাটের ম্যাপে অনেক আগে থেকেই লোকেশন শেয়ার অপশন চালু ছিল। তবে বর্তমান ভার্সনে ব্যবহারকারী যখন অ্যাপ চালু করেন তখন অবস্থানের তথ্য হালনাগাদ হয়। নতুন লাইভ লোকেশন ফিচার ব্যবহারকারীদের পরিবার-পরিজনকে নির্দিষ্ট সময়ের জন্য তাদের অবস্থানসংক্রান্ত তথ্য দেখার সুবিধা দেবে। যা অনেকটা অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মতো। অবস্থানসংক্রান্ত তথ্য ১৫ মিনিট, ১ ঘণ্টা বা আট ঘণ্টার জন্য শেয়ার করা যাবে।

এক বিবৃতিতে স্ন্যাপচ্যাট জানায়, নতুন ফিচারটি বন্ধুদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অথবা জরুরি মুহূর্তে পরিবার-পরিজন কিংবা বন্ধুদের অবস্থানসংক্রান্ত তথ্য জানানোর মাধ্যমে নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিতে সহায়তা করবে। তবে এটি ব্যবহারে ব্যবহারকারীদের বন্ধু হতে হবে এবং একই সঙ্গে লাইভ লোকেশন ফিচার ব্যবহার করতে হবে।

সম্প্রতি নিরাপত্তা ফিচারের উন্নয়নে উদ্যোগ নিয়েছে স্ন্যাপ। এর অংশ হিসেবেই লাইভ লোকেশন শেয়ারের ফিচারটি প্রকাশ্যে এল। আরেক বিবৃতিতে প্লাটফর্মটি জানিয়েছিল, মাদক ব্যবসায়ীদের হাত থেকে কিশোরদের রক্ষার্থে ফ্রেন্ড সাজেশন কমানো হবে। পাশাপাশি চলতি বছর শেষে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার চালুর বিষয়েও কাজ করছে স্ন্যাপচ্যাট।