আঞ্চলিক অফিস খোলার শর্তে রাজি হওয়ায় টুইটারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নাইজেরিয়া। পশ্চিম আফ্রিকার দেশটির সরকারের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির মধ্যে এটি অন্যতম একটি বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর রয়টার্স।

২০২১ সালের ৪ জুন টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নাইজেরিয়া সরকার। আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদীদের শাস্তির আওতায় আনার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির একটি পোস্ট মুছে ফেলার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী সময়ে টেলিকম প্রতিষ্ঠানগুলো নাইজেরিয়ার অধিবাসীদের প্রবেশাধিকারও বন্ধ করে দেয়।

এক বিবৃতিতে দেশটির জাতীয় তথ্যপ্রযুক্তি উন্নয়ন সংস্থার মহাপরিচালক কাশিফু ইনুওয়া আবদুল্লাহি জানান, প্রেসিডেন্ট বুহারি নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুমোদন দিয়েছেন। নাইজেরিয়ার আইন, জাতীয় সংস্কৃতি ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্মানজনক স্বীকৃতি প্রদানের মাধ্যমে কাজ করবে বলে তারা সম্মতি জানিয়েছে।

প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী প্রচলিত অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট আচরণবিধি প্রণয়নে ফেডারেল সরকার ও বৃহত্তর শিল্পের সঙ্গে কাজ করবে বলে বিবৃতি সূত্রে জানা গেছে। প্রায় সব উন্নত দেশেই এ বিধি প্রযোজ্য। নাইজেরিয়া ও টুইটারের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত একটি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইনুওয়া আবদুল্লাহি।