অনলাইন বিজ্ঞাপনের বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহারের অভিযোগে গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্য। সম্প্রতি ফেডারেল বিচারকদের কাছে এ মামলাগুলোর অধিকাংশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সার্চ জায়ান্ট গুগল। খবর রয়টার্স।

আদালতে গুগল জানায়, প্রতিষ্ঠানটি যে ফেসবুকের সঙ্গে মিলে অবৈধভাবে ‘হেডার বিডিং’ করছে, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে অভিযোগকারী অঙ্গরাজ্যগুলো। হেডার বিডিং হলো এক ধরনের প্রযুক্তি, যার মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপন থেকে বেশি টাকা আয় করা যায়। গুগলের বিরুদ্ধে করা মামলায় ফেসবুকের নাম এলেও ফেসবুককে এ মামলায় রাখা হয়নি।

রাজ্যগুলোর অভিযোগ, বিজ্ঞাপনের নিলামে হেরফের করার জন্য গুগল অন্তত তিনটি প্রোগ্রাম ব্যবহার করে যাবে, যাতে বিজ্ঞাপনদাতা ও প্রকাশকরা তাদের টুলগুলো ব্যবহার করতে বাধ্য হয়। জবাবে গুগল জানায়, অঙ্গরাজ্যগুলো ‘অভিযোগের ঝুলি’ নিয়ে বসে আছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। আদালতে পেশ করা নথিতে প্রতিষ্ঠানটি জানায়, প্রতিযোগীদের মনমতো প্রডাক্ট ডিজাইন না করা এবং তাদের তুলনায় প্রডাক্টগুলোর বহুগুণ উন্নতি সাধন করায় তারা গুগলের সমালোচনা করছে। গুগলের সাফল্য মোকাবেলা করার জন্য গুগলকে দমিয়ে রাখাকে তারা ‘সমাধান’ হিসেবে দেখছে। গুগলের বিরুদ্ধে করা ছয়টি মামলার চারটিকে পুরোপুরি খারিজ করার আবেদন করা হয়েছে নথিতে।