পিক্সেল ৪, ৫ ও ৬ সিরিজের ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড ১৩ ভার্সনের ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করেছে গুগল। নতুন ভার্সনে আরো উন্নত ইউজার ইন্টারফেস ও নিরাপত্তা ফিচার দেয়া হয়েছে। খবর গিজমোচায়না।

কয়েক মাস আগেই বাজারে অ্যান্ড্রয়েড ১২ উন্মুক্ত করেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। এখনো সব স্মার্টফোনে অপারেটিং সিস্টেমটি পৌঁছেনি। কিন্তু এরই মধ্যে নতুন অ্যান্ড্রয়েড নিয়ে কাজ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। অ্যান্ড্রয়েড ১৩-এর প্রিভিউ ভার্সনটি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষাসংক্রান্ত কাজে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে। এ ভার্সনে যেসব ফিচার দেয়া হয়েছে, সেগুলো মূলত ডেভেলপার-কেন্দ্রিক।

ডেভেলপাররা যেন ম্যাটারিয়াল ইউ থিমের সঙ্গে ভালোভাবে কাজ পরিচালনা ও অ্যাপস ব্যবহার করতে পারেন, সেজন্য বেশকিছু টুল যুক্ত করা হয়েছে। কালার প্যালেট অনুসরণের মাধ্যমে থিমড আইকনের পাশাপাশি পুরো ডিভাইসের ইন্টারফেসে পরিবর্তন আনা যাবে। প্রাথমিকভাবে পিক্সেল ব্যবহারকারীদের জন্য ফিচারটি আনা হবে। তবে অন্যান্য প্রতিষ্ঠানের স্মার্টফোনে ফিচারটি যুক্ত করতে গুগল কাজ করছে বলে জানা গেছে।

নিরাপত্তা ও অ্যাপ পারমিশনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ১৩-এর প্রিভিউ সংস্করণটির সক্ষমতাও যাচাই করছে গুগল। ফিচারের মধ্যে এ ভার্সনে একটি ফটো পিকার দেয়া হয়েছে। পারমিশন বা অনুমতি গ্রহণ ছাড়াই ব্যবহারকারীরা নির্দিষ্ট অ্যাপ দিয়ে ছবি ও ভিডিও শেয়ার করতে পারবেন। তবে ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ১৩-তেই সীমাবদ্ধ থাকবে না। ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ১১ ও তার ওপরের ভার্সনেও যুক্ত করা হবে।

অ্যান্ড্রয়েড ১৩-তে নিয়ারবাই ওয়াই-ফাই ডিভাইসেস নামে নতুন পারমিশন সেটিংস যুক্ত করতে যাচ্ছে। যেখানে লোকেশন পারমিশন ছাড়াই আশেপাশে থাকা ডিভাইসগুলোর তালিকা দেখাবে।