সেফটি মুড অটোব্লকিং বেটা ভার্সন ব্যবহারকারীর পরিসর বাড়িয়েছে টুইটার। গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমটি এ ঘোষণা দেয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে এ ভার্সন চালু করা হয়। মূলত অবমাননাকর ও ক্ষতিকর টুইট ঠেকাতে অভিযুক্ত অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়ার লক্ষ্যে ভার্সনটি চালু করা হয়। খবর দ্য ভার্জ।

টুইটারের মুখপাত্র তাতিয়ান ব্রেইট দ্য ভার্জকে বলেন, সেফটি মুড-সংবলিত বেটা ভার্সনটি এত দিন পর্যন্ত প্রায় ৭৫০ জন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত ছিল। তবে এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের ৫০ শতাংশ ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবেন। এসব ব্যবহারকারীর মতামত পর্যালোচনা করে স্থায়ীভাবে সেফটি মুড সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে টুইটারের।

তথ্য বলছে, যেসব অ্যাকাউন্টের মাধ্যমে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সাতদিনের জন্য বন্ধ করে দেয় টুইটারের এ ভার্সন। এছাড়া অপমানজনক ও বারবার করা রিপ্লাই ও মেনশনের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়। টুইটার আরো জানায়, প্লাটফর্মটি প্রো-অ্যাক্টিভ সেফটি মুড নামে একটি ফিচার বেটা ভার্সনে যুক্ত করেছে।

টুইটার বলছে, বেটা ভার্সনটির ব্যবহারকারীর পরিসর বাড়ানোর মূল উদ্দেশ্য এটির যথাযথ কার্যকারিতা সম্পর্কে ধারণা নেয়া। সেফটি মুড কতটা নিখুঁতভাবে কাজ করছে তা নিরূপণের মাধ্যমে টুইটার এটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন করবে।

২০১৮ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এলিমেন্ট এআইয়ের করা একটি স্টাডিতে দেখা গেছে, নারী সাংবাদিক ও রাজনীতিবিদরা প্রতি ৩০ সেকেন্ডে হয়রানিমূলক ও বাজে টুইটের সম্মুখীন হন।