ফেসবুক ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সবচেয়ে পুরনো বিনিয়োগকারীদের একজন। সম্প্রতি সোস্যাল জায়ান্টটির সবচেয়ে পুরনো ও সবচেয়ে বিতর্কিত সদস্যদের একজন পিটার থিয়েল জানান, চলতি বছর শেষ হওয়ার আগেই তার পদ ছেড়ে দেবেন। খবর টেকক্রাঞ্চ।

২০০৫ সাল থেকে ফেসবুকের পরিচালনা পর্ষদে আছেন পিটার।  প্রতিষ্ঠার এক বছর পরেই বিনিয়োগকারী হিসেবে যোগ দিয়েছিলেন। মেটার বার্ষিক শেয়ারহোল্ডার বৈঠকের আগ পর্যন্ত পরিচালকের পদে বহাল থাকবেন। তারপর আর পরিচালক হিসেবে পুনর্নির্বাচনের জন্য দাঁড়াবেন না বলে জানান তিনি। বৈঠকের দিন এখনো ঘোষণা করেনি মেটা। সাধারণত মে মাসেই শেয়ার মালিকদের বৈঠকের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ৫৪ বছর বয়সী থিয়েল। আর্থিক লেনদেন প্লাটফর্ম পেপাল ও ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান পালানটির টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা তিনি। এছাড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফাউন্ডার্স ফান্ডেরও অংশীদার। লিংকডইন ও ইয়েলপের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের শুরুর দিককার বিনিয়োগকারীদের একজন ছিলেন থিয়েল।

প্রযুক্তি-সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুকের সবচেয়ে পুরনো বিনিয়োগকারীদের একজন হিসেবে মেটা সিইও মার্ক জাকারবার্গের খুব কাছের মানুষ ছিলেন থিয়েল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন থিয়েল। চলতি বছরেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। ওই নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের আর্থিক সহযোগিতা দেয়ার পরিকল্পনা করছেন এ ধনকুবের।