কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অন্যতম উদ্ভাবন চ্যাটজিপিটি বর্তমান সময়ের অন্যতম আলোচ্য বিষয়। এর নির্মাতা ওপেনএআইয়ে বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে মাইক্রোসফট। প্রতিযোগিতায় টিকে থাকতে এবার অ্যানথ্রোপিকে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে সফটওয়্যার জায়ান্ট গুগল। খবর ইটিটেলিকম।
গত বছরের শেষে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ স্টার্টআপ প্রতিষ্ঠানে গুগলের ৩০ কোটি ডলার বিনিয়োগের বিষয়টি উঠে আসে। বিনিয়োগের বদলে অ্যানথ্রোপিকের ১০ শতাংশ মালিকানার পাশাপাশি ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন রিসোর্স কেনার শর্ত জুড়ে দেয় গুগল। অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডারিও আমোদেই বলেন, ‘গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন, প্রশিক্ষণ প্রদান ও কার্যকরে গুগল ক্লাউডের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।
ভার্জ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গুগলের এ কার্যক্রম অনেকটা মাইক্রোসফট আর ওপেনএআইয়ের মধ্যকার অংশীদারত্বের মতো। সেখানে, ওপেনএআই গবেষণা দক্ষতার বিষয়টি পর্যবেক্ষণ করে। এদিকে, সাধারণ ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে নিজস্ব চ্যাটবটও তৈরি করছে অ্যানথ্রোপিক। চ্যাটজিপিটির এ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর নাম ‘ক্লড’।










