ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মেসেজিং সেবায় সহসাই আসছে না এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। এ সুযোগ পেতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে ২০২৩ সাল নাগাদ। খবর দ্য ভার্জ।
২০২০ সালে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মেসেজিং সংযুক্ত করে এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে মেসেজ পাঠানোর ফিচার যোগ করেছে ফেসবুক। সব প্লাটফর্ম মিলিয়ে একটি একীভূত মেসেজিং সেবা দাঁড় করানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
সোশ্যাল প্লাটফর্মগুলোর মালিক প্রতিষ্ঠান মেটা বলছে, জননিরাপত্তা নিশ্চিত করার চেষ্টায় সহযোগিতার পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপদ রাখতে চায় তারা। মেটার নিরাপত্তা প্রধান অ্যান্টিগনি ডেভিস এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবার বিলম্বের কারণ হিসেবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলেছেন। ডেভিস বলছেন, নিজস্ব প্লাটফর্মে অপরাধী কর্মকাণ্ড মোকাবেলার সক্ষমতা খর্ব করতে চায় না মেটা।
এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবায় প্রাপক ও প্রেরক বাদে আর কেউ মেসেজ দেখার সুযোগ পায় না। অপরাধীরা এ নিরাপত্তা ফিচারটির অপব্যবহার করবে বলে আশঙ্কার দিকেই ইঙ্গিত করেছেন ডেভিস। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ডিফল্ট ফিচার হিসেবে কার্যকর হলে মেটা অ্যাকাউন্টের তথ্য, ব্যবহারকারীদের অভিযোগ আর সব অ্যাপ থেকে পাওয়া নন-এনক্রিপ্টেড ডাটার সংমিশ্রণ ব্যবহার করে সেবাগ্রাহকদের নিরাপদ রাখার চেষ্টাকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডেভিস।
চলতি বছরের শুরুতে এক ব্লগ পোস্টে মেটা বলেছিল, ২০২২-এর শুরুর দিকে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু হবে। কিন্তু ডেভিস এখন বলছেন কাজটি ঠিকভাবে করতে চান তারা। তাই ফিচারটি চালুর আনুমানিক সময় পিছিয়ে দেয়া হয়েছে ২০২৩ সালে।
যুক্তরাজ্যের অনলাইন সেফটি বিল ২০২৩ সালে কার্যকর হতে যাচ্ছে। অনলাইনে শিশুদের নিরাপদ রাখতে এবং নিপীড়নমূলক কনটেন্টের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে প্লাটফর্মগুলোকে বাধ্য করবে আইনটি। নতুন আইনটিও মেটার বিলম্বের কারণ হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের আগেও অপরাধীদের এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। বিবিসিকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, দুঃখের বিষয় হচ্ছে, যখন আমাদের আরো বেশি তত্পর হওয়া প্রয়োজন, ফেসবুক তখন এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তা ঝুঁকির মুখে পড়েছে।










