চলতি বছর ডাটা প্রকল্পের পরিধি বাড়াতে প্রায় ১৩ হাজার কোটি ওন বা ১০ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সহায়তায় ডাটা ভাউচার বিতরণ করা হবে। খবর কোরিয়াহেরাল্ড।

তথাকথিত ডাটা ড্যাম প্রকল্প থেকে যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রণালয়। ২০২০ সালে ডাটার ব্যবহার নিশ্চিতে পাবলিক-প্রাইভেট নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহের অংশ হিসেবে ডাটা ড্যাম প্রকল্প চালু করা হয়েছিল। মন্ত্রণালয় জানায়, যেসব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন ডাটা পণ্য বা পরিষেবার উন্নয়নে কাজ করছে, তাদের ব্যয়ভার কমাতে ও ডাটা ভাউচার বিতরণ কার্যক্রমে ১২ হাজার ৪১০ কোটি ওন বরাদ্দ দেয়া হবে।

বিবৃতিতে কোরিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য ও ডাটার উন্নয়নে যে প্রকল্প নির্ধারণ করা হয়েছে, সেখানে ৫০০ কোটি ওন বরাদ্দ দেয়া হবে। ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার সরকার ডিজিটাল নিউ চুক্তি উন্মোচন করে। ডিজিটাল অর্থনীতির কাঠামো তৈরিতে নেটওয়ার্ক অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রধান ডিজিটাল প্রযুক্তির উন্নয়নে ৫৮ লাখ কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।