গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বুমেরাং ও হাইপারল্যাপস অ্যাপ সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম। এর আগে প্লাটফর্মটি আইজিটিভি অ্যাপে তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। খবর এনগ্যাজেট।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, সোস্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাট নাভারা ও টুইটারের অন্য ব্যবহারকারীরা প্রথম অ্যাপগুলো সরিয়ে নেয়ার বিষয়টি জানতে পারেন। সার্চবারে এ দুটি অ্যাপের নাম লিখে সার্চ দিলে আর কোনো রেজাল্ট দেখানো হয় না।
এনগ্যাজেটকে দেয়া এক বিবৃতিতে ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা জানায়, মূল অ্যাপে মনোনিবেশের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ স্টোর থেকে সফটওয়্যারগুলো সরিয়ে দিয়েছে। অ্যাপটোপিয়ার তথ্য বলছে, ১ মার্চের পর পরই ইনস্টাগ্রাম স্টোর থেকে বুমেরাং ও হাইপারল্যাপস সরিয়ে দিয়েছে। তবে বুমেরাং এখনো ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। সরিয়ে নেয়ার আগ পর্যন্ত প্রতিদিন অ্যাপটি ২৬ হাজারের বেশিবার ডাউনলোড করা হতো।
গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সফটওয়্যারগুলো অপসারণের বিষয়টি আকস্মিক নয়। ২০১৪ সালে হাইপারল্যাপস এবং ২০১৫ সালে বুমেরাং চালুর মাধ্যমে ইনস্টাগ্রাম তখন ব্যবহারকারীদের স্থিতিশীল টাইমল্যাপস ও লুপিং ভিডিও পরিষেবা দিতে চেয়েছিল। ২০২২ সালে তুমুল প্রতিযোগিতার বাজারে ব্যবহারকারী ধরে রাখতে বিভিন্ন ফিচার যুক্ত করা শুরু করে। এর মধ্যে স্ন্যাপচ্যাটের মতো স্টোরিজ ও টিকটকের মতো রিলস উল্লেখযোগ্য। বুমেরাং ও হাইপারল্যাপস বর্তমানে ক্যামেরা অপশন হিসেবে কাজ করবে। আইজিটিভিতে সাপোর্ট বন্ধের সময় ইনস্টাগ্রাম জানিয়েছিল যে প্লাটফর্মটি নির্মাতা ও ভিউয়ারদের জন্য ভিডিও অভিজ্ঞতার উন্নয়নেই এ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দুটি অ্যাপ অপসারণের সিদ্ধান্তও আগের পদক্ষেপেরই নতুন অংশ বলে ধারণা করা হচ্ছে।










