ইউক্রেনে পরিচালিত সামরিক আগ্রাসনের প্রতিবাদ হিসেবে রাশিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করছে কজেন্ট কমিউনিকেশনস। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি বিশ্বের মোট ওয়েব ট্রাফিকের ২৫ শতাংশ বহন করে। খবর এনগ্যাজেট।

দ্য ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাত্কারে প্রতিষ্ঠানটি জানায়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান বিরোধ ও দ্বন্দ্বসংক্রান্ত ভুল তথ্যের প্রচার বন্ধে ও ক্রেমলিন থেকে পরিচালিত সাইবার হামলা প্রতিরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

জিডিনেটের কাছে দেয়া এক বিবৃতিতে কজেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ শেফার জানায়, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। রাশিয়া যেন আমাদের প্লাটফর্মটিকে যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে পারে, সেটি নিশ্চিতেই এ উদ্যোগ।

নতুন পদক্ষেপের ফলে রাশিয়ার ইন্টারনেট সংযোগ অনেকটাই বাধাগ্রস্ত হবে এবং স্বাভাবিক গতি কমবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা। রাশিয়ায় কজেন্টের অন্যতম শীর্ষ গ্রাহকের মধ্যে রয়েছে রাষ্ট্রমালিকানাধীন টেলিকম অপারেটর ও সর্ববৃহৎ ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান রসটেলিকম এবং ওয়্যারলেস ক্যারিয়ার মেগাফোন ও ভেওন।