বর্তমান সময়ে প্রযুক্তি খাতের অন্যতম আলোচ্য বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি। ওপেন এআইয়ের এ পরিষেবাটির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে একের পর এক প্রযুক্তি জায়ান্ট। এ তালিকায় সর্বশেষ সংযোজন ই-কমার্স জায়ান্ট আলিবাবা। গতকাল জ্যাক মা প্রতিষ্ঠিত কোম্পানিটি জানায়, তারা চ্যাটজিপিটির মতো টুল চালু করবে।  খবর সিএনএন বিজনেস।

চীনের এ ই-কমার্স জায়ান্ট জানায়, প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণভাবে কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবটের পরীক্ষা চালাচ্ছে। তবে এটি কবে নাগাদ প্রকাশ্যে আসবে বা এর নাম কি হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে আলিবাবার একজন মুখপাত্র বলেন, ‘২০১৭ সালে ডামো (ডিএএমও) তৈরির পর ভাষা শিক্ষার বিভিন্ন মডেল ও জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রধান লক্ষ্য ছিল।

তিনি বলেন, প্রযুক্তিখাতের পথপ্রদর্শক হিসেবে আমরা গ্রাহকদের পরিষেবায় উন্নত উদ্ভাবন যুক্ত করতে বিনিয়োগ অব্যাহত রাখবো।

বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান নিজস্ব তৈরি চ্যাটজিপিটি চালুর জন্য কাজ করছে। এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর স্বয়ংক্রিয়ভাবে গদ্য লিখতে পারে এবং পরীক্ষায় পাসও করতে পারে। টুলটি ভাষার একটি বিশাল মডেলের উপর তৈরি করা হয়েছে। অনলাইন থেকে সংগৃহীত বিপুল তথ্যের প্রেক্ষিতে এর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তবে এ পদ্ধতিতে প্রশিক্ষণের কারণে চ্যাটবটটি ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে বলে সতর্কবার্তা দিয়ে আসছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে চলতি সপ্তাহে গুগল ও চীনের সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু তাদের নিজস্ব পরিষেবা চালুর কথা জানিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে গুগলের বার্ড নামের টুলটি বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়াও বাইদুর ওয়েনশিন ইয়েন বা এরনি বট মার্চে প্রকাশ্যে আসতে পারে বলেও তথ্য রয়েছে।