ইন্টেলকে আকৃষ্ট করতে ৪৬০ কোটি ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে ইতালি। চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এখন ইউরোপজুড়ে তাদের কার্যক্রম বাড়াচ্ছে। খবর টেকরাডার।
অ্যামাজন নিউইয়র্কে তাদের দ্বিতীয় সদর দপ্তরের কাজ প্রায় শেষ করে ফেলেছে। ভর্তুকির মাধ্যমে এ অঞ্চলে নতুন চিপ কারখানা তৈরিতে বেশি বেশি তহবিল দেয়ার প্রতিশ্রুতি পেতে কাজ করছে ইন্টেল।
দ্য রেজিস্টারের তথ্য বলছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির নতুন সুপার ফ্যাব কারখানা ও অফিসের জন্য জার্মানি, ইতালি ও ফ্রান্সকে সম্ভাব্য জায়গা হিসেবে বিবেচনা করা হয়েছে।
নিজেদের অত্যাধুনিক চিপ উৎপাদন শিল্প তৈরিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইন্টেলও ইউরোপে অন্তত দুটি নতুন অত্যাধুনিক প্রযুক্তির সেমিকন্ডাক্টর উৎপাদনকারী কারখানা তৈরি করতে চায়। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী এক দশকে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য তাদের পরিকল্পনা ৮ কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে।
নতুন ইউরোপীয় চিপ উৎপাদন কেন্দ্র তৈরিতে ইতালিকে বেছে নেয়ার কারণ হলো ইন্টেল টাওয়ার সেমিকন্ডাক্টর অর্জনের পথে রয়েছে। আমেরিকা ও জাপানের পাশাপাশি ইতালিতেও তাদের কারখানা রয়েছে।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে ইন্টেল। পাশাপাশি প্রযুক্তি জায়ান্টটি এশিয়ার দেশগুলোর ওপর থেকে নিজেদের নির্ভরতা কমানোর চেষ্টা চালাচ্ছে। কয়েক দশক ধরেই সেমিকন্ডাক্টর উৎপাদনকারীরা আমেরিকা ও ইউরোপ থেকে সরে এশিয়ায় চলে গেছে। সেখানেই এখন বিশ্বের ৮০ শতাংশ চিপ তৈরি করা হয়।










