হ্যাকারদের আক্রমণ প্রতিহতে, ক্ষতিকর ফাইল শনাক্তে এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় একসময় কম্পিউটারে অ্যান্টিভাইরাসের বহুল ব্যবহার ছিল। বর্তমানেও এর ব্যবহার রয়েছে। তবে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী ২০০ কোটি ডলারের এ বৈশ্বিক ব্যবসা অস্তিত্ব সংকটের মুখে রয়েছে। খবর টেক রাডার।
সম্প্রতি সিকিউরিটি ডট ওআরজি নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের এক হাজার প্রাপ্তবয়স্ককে নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে। জরিপে অ্যান্টিভাইরাস ব্যবহার এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে ব্যবহারকারীদের আস্থা হ্রাসের চিত্র দেখা গেছে। পাশাপাশি প্রথমবারের মতো অ্যান্টিভাইরাস ব্যবহারকারীর সংখ্যা অর্ধেক কমে গেছে। প্রতিবেদনে বলা হয়, যারা এ জরিপে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র ২ শতাংশ গত ১২ মাসে অ্যান্টিভাইরাস ব্যবহার শুরু করেছেন। তিন মাস আগেও এর হার ছিল ৫ শতাংশ।
একই সময় আগামী ছয় মাসে যারা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, তাদের হার জানুয়ারিতে ৭৫ শতাংশে উন্নীত হয়েছে। ২০২১ সালের নভেম্বরে যা ছিল ৬১ শতাংশ। তবে সবকিছু ছাপিয়ে যুক্তরাষ্ট্রে অ্যান্টিভাইরাস ব্যবহার এখনো ঊর্ধ্বমুখী। দেশটির বিভিন্ন রাজ্যের তিন-চতুর্থাংশ (৭৭ শতাংশ) প্রাপ্তবয়স্ক কম্পিউটারে এবং এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) স্মার্টফোনে অ্যান্টিভাইরাস ব্যবহার করেন বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩ কোটি ৫ লাখ অধিবাসী ফ্রি এবং ৪ কোটি ৪৮ লাখ অধিবাসী পেইড অ্যান্টিভাইরাস পরিষেবা ব্যবহার করে। যেখানে ফ্রি ভার্সনগুলো ভালোভাবে কাজ করছে সেখানে ১৭ শতাংশ পেইড ব্যবহারকারী গত ১২ মাসে একাধিকবার ম্যালওয়্যার ও ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ফ্রি ভার্সনের তুলনায় পেইড ভার্সনে ব্যবহারকারীরা বেশি কার্যকারিতা পেয়েছেন।
চলতি মাসের তথ্যানুযায়ী, যাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস ছিল না, তাদের ৪০ শতাংশ পরবর্তী ছয় মাসে সফটওয়্যার ইনস্টলে আগ্রহ প্রকাশ করেছেন। এক বছর আগে যা ২৫ শতাংশ ছিল। এক্ষেত্রে ব্যবহারকারীরা তথ্য চুরি প্রতিরোধ ব্যবস্থা, ফায়ারওয়াল ও ভিপিএনকে প্রাধান্য দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বর্তমানে সাইবার হামলা, ক্লাউড তথ্য চুরি, ফোনকল ফাঁসসহ অপরাধের মাত্রা বাড়ছে।
এ পরিপ্রেক্ষিতে উন্মুুক্ত মানসিকতার ব্যবহারকারীদের পরিপূর্ণ সেবা প্রদানে অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠানগুলোকে তৈরি থাকতে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।










