সীমান্ত রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাধীন নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করার জন্য কুকুর আকৃতির রোবট নিয়োগ দিতে যাচ্ছে দেশটি। খবর গিজমোচায়না।
সীমান্ত সুরক্ষা ও নজরদারি প্রতিটি দেশের নিরাপত্তা ভাবনার এক অবিচ্ছেদ্য উপাদান হয়ে থেকেছে সবসময়। যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা আরো বেশি, কারণ তাদের সীমান্ত বেশ দীর্ঘ এবং অননুমোদিত প্রবেশ ঠেকাতে দেশটি তত্পর।
কুকুর আকৃতির রোবট ব্যবহারের বিষয়ে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের সীমান্তে টহল দেয়া রোবট কুকুরের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন পরিস্থিতিতে মেশিনটির নজরদারি রাখার ক্ষমতা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
রোবটটি কবে নাগাদ পুরোপুরি কাজ শুরু করবে তা নিশ্চিত হওয়া যায়নি। ডিএইচএস জানিয়েছে, মেশিনটির আধুনিকীকরণের কাজ চলবে।
ডিএইচএসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর্ম মূলত মেশিনটি নিয়ে কাজ করছে। আর মেশিনগুলো তৈরি করেছে সাড়া জাগানো ঘোস্ট ভিশন ৬০ রোবটের উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোস্ট রোবোটিকস। ডিএইচএসের এসব রোবোটিক কুকুরে থাকছে অনেক ক্যামেরা এবং পরীক্ষা-নিরীক্ষার সেন্সর। আগে থেকে সেট করে রাখা জিপিএস পথরেখা ধরে রোবটটি স্বাধীনভাবে টহল দিতে পারবে। সীমান্তের অসম ভূমির জন্য রোবটগুলো খুবই উপযোগী, কারণ তারা চার পা ব্যবহার করে সহজে চলাচল করে। রোবট কুকুরগুলো রেললাইনে ট্রেন নির্ধারণ করতে পারে, বিভিন্ন জায়গায় হেঁটে বেড়াতে পারে, আবাসিক ভবন অন্বেষণ করতে পারে এবং শত্রুদের মুখোমুখিও হতে পারে।










