রেডিট টক চালুর প্রায় এক বছর পর ডেস্কটপের জন্য লাইভ অডিও চ্যাটসহ একাধিক ফিচার যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কথোপকথনকে আরো সহজ করতে এবং ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।

গত এপ্রিলে ফিচারটি চালু করা হয়। সে সময় শুধু মোবাইলে অডিও চ্যাট ফিচারটি চালু ছিল। পাশাপাশি অডিও শুনতে চাইলে ব্যবহারকারীদের লাইভ কথোপকথনে অংশ নিতে হতো। বর্তমানে এ ব্যবস্থায় পরিবর্তন আসছে। ডেস্কটপের ব্যবহারকারীদের জন্যও রেডিট টক চালু করা হয়েছে। পাশাপাশি অডিও চ্যাট রেকর্ড হওয়ায় কথোপকথন শেষে ব্যবহারকারীরা সেটি স্ট্রিম করতে পারবেন।

রেডিট টক, রেকর্ডিং, স্ট্রিমিংয়ের পাশাপাশি ব্যবহারকারীদের জন্য কমেন্ট করার ফিচারও যুক্ত করতে যাচ্ছে প্লাটফর্মটি। এতে ব্যবহারকারীদের এখন আর কথা বলা বা কমেন্ট করার জন্য রেজ হ্যান্ড ফিচার ব্যবহার করতে হবে না। পাশাপাশি মাইক্রোফোন চালুর জন্য মডারেটরের মুখাপেক্ষী হতে হবে না। সব জল্পনাকল্পনা শেষে অ্যাপের ওপর লাইভ বার যুক্ত করার মাধ্যমে রেডিট ব্যবহারকারীদের আরো সহজে চ্যাট খুঁজে পাওয়ার সুবিধা দিতে কাজ করছে।